বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনের শেষ সময় আজ রাতে। অনলাইনে শনিবার (৪ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৫ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পদে মোট ১২ হাজার ৯৫১ জন নিয়োগ দেওয়া হবে।
আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ৬৪৮টি কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞাপন
সংশোধিত তথ্য অনুযায়ী, তিনটি অধিদফতরের অধীনে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে ৯ হাজার ৭০৮টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ অন্তর্ভুক্ত রয়েছে।
এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট নম্বর ১০০, যার মধ্যে এমসিকিউতে ৮০, শিক্ষাগত সনদে ১২ এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
এম/এআরএম

