খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও লাইসেন্সবিহীন যানবাহন বন্ধসহ বেশ কিছু দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো ঘাতক গাড়ির চালককে শনাক্ত করতে পারেনি প্রশাসন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌকির জোয়ার্দার হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ বিচার নিশ্চিত করতে না পারলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। নগরীতে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য বন্ধের ওপর জোর দেন তিনি। আরেক শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ সড়কে সাধারণ মানুষের নিরাপত্তার চরম অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সহপাঠীরা জানান, একটি দ্রুতগামী প্রাইভেটকার মৌমিতাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এটি পরিকল্পিত কোনো ঘটনা কি না, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানান আইন ডিসিপ্লিনের শিক্ষক তানিয়া সুলতানা। তিনি বলেন, একে কেবল দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই; এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফল। ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্তী গল্লামারী মোড়ের যানজট ও অবকাঠামোগত সমস্যার সমাধান দাবি করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, সড়কে শৃঙ্খলা না আসা পর্যন্ত তারা পিছু হটবেন না।
ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে ব্যথিত। ন্যায়বিচার নিশ্চিতে তিনি শিক্ষার্থীদের পাশে থাকার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

