জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের এক অধ্যাপককে হেনস্তার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
রোববার (২৯ মার্চ) ভুক্তভোগী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ নতুন উপাচার্যের যোগদান উপলক্ষে টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।
অধ্যাপক আবু হানিফ লিখিত অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর এলাকায় পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় তার ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন হিমেল। একইসঙ্গে অভিযোগ করেন যে অধ্যাপক হানিফ এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে 'গুপ্ত' হিসেবে কাজ করছেন।
অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে প্রতিবাদ জানালে হিমেলের নেতৃত্বে জাফর আহমেদ, সুমন সরদারসহ ১০-১৫ জন নেতাকর্মী তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেন। একপর্যায়ে শিক্ষকদের একজনের মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয়। বাধা দিলে অধ্যাপক আবু হানিফকেও ধমক দেওয়া হয় এবং তার ফোন চেক করার চেষ্টা করা হয়। পরে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার সময় তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে জানানো হলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। পরবর্তীতে অধ্যাপক আবু হানিফ সরকার লিখিত অভিযোগ দিয়ে ঘটনার বিচার দাবি করেন।
বিজ্ঞাপন
ক.ম/

