শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরাদের কাতারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের উচ্চশিক্ষা বিশ্লেষণকারী র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬’-এর ‘কৃষি ও বনায়ন’ (এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি) ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথমবারের মতো ৪০১-৪৭৫তম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। 

এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। গত ২৫ মার্চ কিউএস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বের ১০৭১-১০৮০-এর মধ্যে। এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১ হাজার ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি অনুষদের (ফ্যাকাল্টি) ক্ষেত্রে তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে।


বিজ্ঞাপন


পূর্বে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়েও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং সরকারি-বেসরকারি মিলিয়ে পঞ্চম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি অনন্য গৌরবের স্বাক্ষর রেখেছিল। 

গাকৃবির ধারাবাহিক আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে টিএইচই-এর সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ 'লাইফ সায়েন্স' ক্যাটাগরিতেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি শীর্ষস্থান দখল করে। 

এছাড়া টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি)-এর ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে। র‍্যাঙ্কিংয়ের একই তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় অবস্থান ৩৩১তম, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য।

সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সমগ্র পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে বলেন, এটি কেবল একটি র‍্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নয়ন নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। তবে আমরা এখানেই থেমে না গিয়ে সামগ্রিকভাবে কীভাবে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের সারিতে আসা যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর