পরিচয় গোপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই হল শাখার নেতার বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্য ফাহিম আস সামী।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে ভুক্তভোগী শিক্ষার্থীকে হুমকি দেওয়া হয়। সেখানে দেখা যায়, পরিচয় গোপন করে তাঁকে গালাগাল করা হচ্ছে এবং শিবির সন্দেহে মারধরের হুমকি দেওয়া হচ্ছে। পরে গ্রুপের একজন প্রশাসকের মাধ্যমে হুমকিদাতাদের প্রকৃত পরিচয় সামনে আসে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবমাননাকর মন্তব্যের সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছিলেন রায়হান আহমেদ।
ফেসবুকে দেওয়া মন্তব্যে ফাহিম আস সামী লিখেছেন, শিবির সন্দেহে মারধর স্বাভাবিক হয়ে গেলে যেন অবস্থান পরিবর্তন না করা হয়। তাঁকে মারধর করা হবে, এটি কোনো হুমকি নয়, প্রতিশ্রুতি।
অন্যদিকে রায়হান আহমেদ মন্তব্য করেন, ভুক্তভোগী শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বক্তব্য জানতে রায়হান আহমেদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তাঁকে আর পাওয়া যায়নি। অপর অভিযুক্ত ফাহিম আস সামীকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি বলেন, কোনো শিক্ষার্থীকে এভাবে হুমকি দেওয়া উচিত নয়। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন মন্তব্যও কাম্য নয়। এ বিষয়ে তাঁদের সাংগঠনিকভাবে জবাবদিহির মুখোমুখি করা হবে।
এসএইচ/এআর

