খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি বিভিন্ন জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার একাধিক বই এবং বইয়ের অধ্যায় (বুক চ্যাপ্টার) রয়েছে।
তিনি ২০০৩ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মাছুদ নাসা ফান্ডেড অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএস-এর চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি সম্পন্ন করেন। একই বছর তিনি বিআইটি, খুলনায় প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১১ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

