পানির পাম্প সংস্কারের কারণে ঢাকা কলেজের হল দীর্ঘদিন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা। সংগঠনটি অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে শিক্ষার্থীদের জন্য হল খোলা রাখার দাবি জানিয়েছে।
রোববার (১৫ মার্চ) সংগঠনটির সভাপতি নাহিদুল রহমান রাহাত ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতারা বলেন, হলের পানির রিজার্ভার ও লাইনের সংস্কারের অজুহাতে দীর্ঘ ১৭ দিন হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। অথচ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী।
তারা বলেন, সংস্কার কাজের প্রয়োজন হলে প্রশাসনের দায়িত্ব বিকল্প পানির ব্যবস্থা করে শিক্ষার্থীদের হলেই থাকার সুযোগ নিশ্চিত করা। সমস্যার সমাধান না করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নোটিশ দেওয়া প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বহীনতার প্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। তারা এখানে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজেদের খরচ চালান। দীর্ঘ সময় হল বন্ধ থাকলে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা ও পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে।
নেতারা অবিলম্বে হল বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, পানির সমস্যার দ্রুত সমাধান করা এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে ছাত্রাবাস খোলা রাখার দাবি জানান।
বিজ্ঞাপন
এম/এএইচ

