শিক্ষা একটি মৌলিক চাহিদা। প্রতিটি শিশুই যেন শিক্ষার আলোয় আলোকিত হয়- এই লক্ষ্য পূরণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)।
সোমবার (৯মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে এইচএসএফ পরিচালিত দুটি স্কুলের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেয়। একই সঙ্গে উপস্থিত ছিলেন এসব শিশুদের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদানকারী ব্যক্তিরাও।
ইফতারের ফাঁকে বৃত্তি প্রদানকারী বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং লেখাপড়া চালিয়ে যেতে তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের আগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।
ইফতার অনুষ্ঠানে এইচএসএফ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুকিত বলেন, জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা। কিন্তু এখনো আমাদের সমাজের বড় একটি অংশ বিশেষ করে শিশু যারা বিভিন্ন বস্তিতে বসবাস করছে তারা শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। এসব সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বর্তমানে ঢাকার হাজারীবাগ ও উত্তরায় দুটি স্কুল পরিচালনা করছে এইচএসএফ। এসব স্কুলে ওই এলাকার চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএসএফ’র কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
বিইউ/এএইচ

