মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) রাত আটটার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের শেষ কার্যদিবস ছিল ১২ মার্চ। তবে সরকারের নতুন নির্দেশনায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে আজ রাতে অনলাইনে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয় বন্ধ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ লক্ষ্যে পাবলিক ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং রমজান উপলক্ষে আগামী সোমবার থেকে ঈদুল ফিতরের জন্য একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে কয়েকটি নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচ

