ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সুপারিশসহ একটি সঠিক প্রতিবেদন দাখিলের লক্ষ্যে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
পাঁচ সদস্যের এ তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।
অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঠিক ও প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে কমিটির সদস্যসচিব গোলাম মওলা বলেন, চিঠি পাওয়ার পরপরই কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করব।
প্রতিনিধি/টিবি

