রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বহিষ্কৃত পরীক্ষার্থীরা দায়িত্বরত এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তেজগাঁও কলেজ কেন্দ্রে এলএলবি ফাইনাল পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পরীক্ষার হলে ওই দুই পরীক্ষার্থীকে নকল করতে দেখেন এবং বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানান সোহেল রানা। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি তাদের বহিষ্কার করে। এই সময় অভিযুক্তরা সোহেল রানাকে লাঞ্ছিত করে। এছাড়া পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা আহত হন।
এ বিষয়ে শিক্ষক সোহেল রানা বলেন, ‘আমি পরীক্ষার হলে দায়িত্ব পালনকালে দুই পরীক্ষার্থী নকল করছিল। আমি তাদের বাধা দিলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং হল থেকে বের হলে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। পরে আমি ঝামেলা এড়াতে অন্য সিঁড়ি দিয়ে নিচে নামি। তখন তারা আমাকে দেখতে পেয়ে প্রায় ৭/৮ জন আমার ওপর অতর্কিত হামলা করে। সেখানে দুই পরীক্ষার্থী ছাড়া বাকিদের আমি চিনতে পারিনি। আমার ওপর হামলা করার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন জানান, ‘নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শিক্ষকের ওপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন
পরীক্ষায় নকল করা এবং শিক্ষকের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এম/ক.ম

