শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের ছুটির আগেই বাড়ি গিয়ে জরিমানা গুনলেন রমেকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

ঈদের ছুটির আগেই বাড়ি গিয়ে জরিমানা গুনলেন রমেকের শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল কলেজের মূল ফটক। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি নির্ধারণ হয়নি, এরই মধ্যে বাড়িতে চলে গেছেন রংপুর মেডিকেল কলেজের দুটি ব্যাচের ৫০০ শিক্ষার্থী। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে অভিভাবকদের জানানোর জন্য জরুরি নোটিশ জারি করেছে মেডিকেল কর্তৃপক্ষ। একইসঙ্গে অনুপস্থিতির জন্য দিনপ্রতি ৫০০ টাকা করে জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এই নোটিশ জারি করেছেন। এতে জরিমানার টাকা কোষাধ্যক্ষের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ও ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) সকল শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লেখিত ব্যাচের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে গত ২ মার্চ হতে অননুমোদিতভাবে ক্লাসে অনুপস্থিত রয়েছে, ফলে কলেজের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এতে বলা হয়, এ অবস্থায় ৪ মার্চ অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে জরুরি ভিত্তিতে ক্লাসে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হল। অন্যথায় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০০ টাকা হারে জরিমানা নির্ধারণ করা হল।

নোটিশে জরিমানার অর্থ কোষাধ্যক্ষের নিকট জমা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় এ অর্থ বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরণের সময় সংযোজিত হবে বলেও জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অননুমোদিতভাবে চলে যাওয়ায় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এজন্য আমরা এ নোটিশ দিয়েছি।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি ছাড়াও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ‘অটো ভ্যাকেশন’ নেওয়ার প্রচলন দীর্ঘদিনের। অনুমতি কিংবা অনুমতি ছাড়াই নির্ধারিত ছুটি শুরুর আগেই ছুটি নিয়ে থাকেন তারা। তবে এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর