শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

ইবিতে শিক্ষক হত্যায় ইউট্যাবের শোক

জেলা প্রতিনিধি, ইবি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

ইবিতে শিক্ষক হত্যায় ইউট্যাবের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা গতকাল বুধবার (০৪ মার্চ) বিকেল ৪ টা নাগাদ নিজ বিভাগের অফিস কক্ষে কর্তব্যকালীন অবস্থায় বিভাগের প্রাক্তন অফিস কর্মচারী (অস্থায়ী) কর্তৃক ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই হৃদয়বিদারক, জঘন্য, নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শিক্ষিকা আসমা সাদিয়া রুনা একজন অত্যন্ত নম্র, বিনয়ী, সৎ, নিষ্ঠাবান, প্রাজ্ঞ ও গুণী শিক্ষক। বিভাগীয় সভাপতির দায়িত্বপালন কালে বিভাগের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয়ের বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিনের। ইতঃপূর্বে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। বিচারহীনতার ফলে ধারাবাহিকভাবে এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড বারবার সংঘটিত হচ্ছে বলে আমরা মনে করি। তা ছাড়া কর্তৃপক্ষের হঠকারী নানা বিবেচনায় বিভিন্ন সময়ে ডেইলি ব্যাসিসে নিয়োগকৃত অনির্ভরযোগ্য কর্মচারীদের মাধ্যমে এ ধরনের নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। দ্রুতবিচারের আওতায় এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। একই সাথে, মরহুমার চাকরিসংক্রান্ত সব দায়দেনা দ্রুততার সাথে পরিশোধ করা এবং প্রয়োজনীয় অন্যান্য সব ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিকেলে সমাজকল্যাণ বিভাগে বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এতে সংঘটিত হত্যার সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। এদিকে এ হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে নিহতের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ ক্রিয়াশীল রাজনৈতিক শিক্ষক ও ছাত্রসংগঠন শোক প্রকাশ করে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর