জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। সাংবাদিকদের আহত করার পর সংগঠনটি সংবাদ সম্মেলন ডেকেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে ছাত্রদলের সদস্যরা সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সমিতির সদস্যরা কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত সাংবাদিকদের দাবি, অবকাশ ভবনের নিচে অবস্থান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল,সদস্য শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারসহ অন্যান্য নেতারা হামলায় ইন্ধন জোগান।
হামলায় সরাসরি অংশগ্রহণ করে জবি ছাত্রদলের সদস্যসচিব মিজানউদ্দিন মাসুদ, ইমরোজসহ আরো আনেক বলে জানিয়েছেন আহতরা।
এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, গত ২ মার্চ ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। আজ ছিল মনোনয়ন সংগ্রহের নির্ধারিত দিন। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনি কার্যক্রম চলছিল। কিন্তু গত রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ হঠাৎ করেই শতাধিক নেতা-কর্মী এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
আহতদের মধ্যে রয়েছেন যুগান্তরের জবি প্রতিবেদক সাকেরুল ইসলাম, কালের কণ্ঠের জবি প্রতিবেদক জুনায়েত শেখ এবং বাংলাদেশের খবর পত্রিকার জবি প্রতিবেদক জান্নাতুন নাইম সহ আরো অনেকে।
প্রতিনিধি/এফএ

