ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ( ৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২২৬ নং কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকের উপস্থিতিতে ঐ কক্ষসহ সংশ্লিষ্ট কক্ষগুলোকে সিলগালা করা হয়।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. রহিম উল্ল্যাহ, সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, পুলিশ কনস্টেবল ও আনসারসহ সিকিউরিটি সেলের সদস্যবৃন্দ।
জানা যায়, হত্যাকাণ্ড সংঘটিত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২২৬ নং কক্ষ, বিভাগীয় সভাপতির অফিস ও বিভাগের অফিস কক্ষে সিলগালা করা হয়। এসময় স্বাক্ষর করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. রহিম উল্ল্যাহ ও সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। সিলগালাকৃত তালার সব চাবি সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের হেফাজতে রাখা হয়।
উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা।
প্রতিনিধি/এজে

