বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কাছে প্রয়োজনীয় প্রস্তাবনা চাওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করা হলে সরকারের অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট অধিদফতরগুলোর কাছ থেকে বিস্তারিত প্রস্তাব আহ্বান করা হয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়–এ পাঠানো হবে।
বিজ্ঞাপন
আরও জানা যায়, আসন্ন ঈদুল ফিতর–এর আগেই শিক্ষক-কর্মচারীরা যেন বর্ধিত উৎসব ভাতা পান, সে লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অধিদফতরগুলোকে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রস্তাব প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।
এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। গত বছর জাতীয়করণের দাবিতে তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমান উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক ও কর্মচারী—উভয় শ্রেণির উৎসব ভাতা সমানভাবে ৬০ শতাংশে উন্নীত হবে।
এম/এএস

