সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

৯৭৩ প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ১২:০৮ এএম

শেয়ার করুন:

৯৭৩ প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ
৯৭৩ প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ

ছয় মাসে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর।

রোববার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


গত ১ জুলাই ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা অধিদফতরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদফতরসমূহে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতর প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি-নথির মাধ্যমে এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়–এর রেজিস্ট্রার বরাবরে ই-মেইলে পাঠানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছেও ব্যানবেইস জরিপে প্রদত্ত নিজ নিজ ই-মেইল ঠিকানায় প্রতিবেদন পাঠানো হয়েছে।

প্রতিবেদনসমূহে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়করসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। এসব অনিয়মের কারণে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বেহাত হওয়া প্রায় ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের জন্যও সুপারিশ প্রদান করা হয়েছে।

প্রকাশিত তালিকাভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ই-মেইলে না পৌঁছালে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে। জেলা শিক্ষা অফিস থেকেও সংগ্রহ সম্ভব না হলে শিক্ষা প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে আবেদন করে তার কপি নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলে আবেদন প্রাপ্তির পর তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রয়োজনে নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে এবং প্রতিবেদন সংগ্রহের জন্য স্বশরীরে অধিদফতরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর