আজ বুধবার দুপুর ১টায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে সবগুলো শিক্ষা বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করবে।
এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এ মেধাক্রম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। যার একটি ট্যালেন্টপুল, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এ মেধাক্রম করা হবে।
বিজ্ঞাপন
যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নাম্বার ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।
গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর ও চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছিল।
/এএম

