মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের অংশ, এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে উপাচার্যের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপাচার্য বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দিবসটি পালনের অংশ হিসেবে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এমআর/ক.ম




