বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের লক্ষ্যে অষ্টম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে এ নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞাপন
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য এনটিআরসিএ ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে-
বিজ্ঞাপন
- এমসিকিউ পরীক্ষা: ৮০ নম্বর (সময় ১ ঘণ্টা)
- শিক্ষাগত যোগ্যতা: ১২ নম্বর
- মৌখিক পরীক্ষা: ৮ নম্বর
এমসিকিউ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ধাপে পাস নম্বর ৪০ শতাংশ।
পরীক্ষার বিষয়সমূহ
এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা থেকে প্রশ্ন থাকবে।
অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত থাকবে। মাদরাসা শাখার ক্ষেত্রে আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা থেকেও প্রশ্ন আসবে।
প্রার্থীদের সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে এনটিআরসিএ।

