দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন টিসি (কলেজ পরিবর্তন) ও বিটিসি (বোর্ড পরিবর্তন) কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আবেদন কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে কলেজ বা বোর্ড পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ বা বোর্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কলেজের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। এ জন্য শিক্ষার্থীদের সশরীরে বোর্ডে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইন টিসি বা বোর্ড পরিবর্তনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কলেজের মাধ্যমে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ফলে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার সুযোগ থাকবে।
এম/এফএ

