বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের পদত্যাগের দাবি এবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ক্লাস বন্ধ থাকার ঘোষণা সত্ত্বেও মঙ্গলবার (২০ জানুয়ারি) ক্যাম্পাসে জড়ো হয়ে উপাচার্যের পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা।
এরআগে ইউএপিতে হিজাব ও নিকাব অবমাননা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় উত্তেজনা ছড়িয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইজন শিক্ষককে বহিষ্কার করে। তবে ওই সিদ্ধান্তে আন্দোলন থেমে না গিয়ে আরও বিস্তৃত আকার ধারণ করে। এতে গতকাল রোববার অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞাপন
তারপরও আজ সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এরপর শুরু করেন বিক্ষোভ। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। দাবি করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের পদত্যাগ করার।
বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের সামনে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার আহ্বান জানান। এজন্য তারা ৩০ মিনিটের আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ধর্মীয় বৈষম্য, শিক্ষার গুণগত মানের অবনতি, পর্যাপ্ত একাডেমিক ও প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং অবকাঠামোগত সংকট দীর্ঘদিন ধরে চলমান। এসব সমস্যার সমাধান না হওয়ায় গত ১৮ জানুয়ারি থেকে তারা আন্দোলনে নামেন বলে জানান আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এম/এএম




