শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাবি আদায়ে এক মাস ধরে রাজপথে নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

T
জাতীয় প্রেসক্লাবের সামনে আজও অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা বক্তব্য দিচ্ছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- ঢাকা মেইল

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে এক মাস ধরে রাজধানীর বিভিন্ন সড়ক ও চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। তবুও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাদের হতাশা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা তাদের কর্মসূচি শুরু করেন। 


বিজ্ঞাপন


এর আগে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার দাবিতে গত ২ নভেম্বর রাজধানীতে আন্দোলন শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকরা।

T1
জাতীয় প্রেসক্লাবের সামনে আজও অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা বক্তব্য দিচ্ছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- ঢাকা মেইল

তারা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি, এমপিওভুক্তির প্রক্রিয়া বিলম্ব না করে দ্রুত কার্যকর করা হোক।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জাতি গঠনে ভূমিকা রাখছি। কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মানবেতর জীবনযাপন করছি, কিন্তু আমাদের কষ্ট কেউ বুঝতে চায় না। 


বিজ্ঞাপন


আন্দোলনরত শিক্ষকরা জানান, এমপিও সুবিধা না থাকায় বছরের পর বছর বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান চালাতেও পড়তে হচ্ছে নানা বাধার মুখে।

আন্দোলনের শুরুতে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস মিললেও এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আন্দোলনের মিছিলে আঘাতপ্রাপ্ত ও অসুস্থ শিক্ষকের সংখ্যাও বাড়ছে প্রতিদিন।

T4
জাতীয় প্রেসক্লাবের সামনে আজও অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা বক্তব্য দিচ্ছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি- ঢাকা মেইল

শিক্ষক নেতারা বলেন, সরকার নীতিগতভাবে এমপিওভুক্তির কথা বললেও বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়নি। আমরা কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তব সিদ্ধান্ত চাই। 

এদিকে আন্দোলনের এক মাস পেরিয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো সময়সীমা বা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। ফলে শিক্ষকরা মনে করছেন, আবারও তারা উপেক্ষিত হচ্ছেন। দাবিপূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শিক্ষকরা বলেন, স্বীকৃতি থাকা সত্ত্বেও আমরা সরকারি সুবিধা পাচ্ছি না। এটা আমাদের প্রতি চরম বৈষম্য। যতদিন প্রয়োজন আন্দোলন চলবে।

এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর