প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিতে পেরেছি, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সফল হবো।’
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
বিজ্ঞাপন
উপদেষ্টা বলেন, ‘আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে, আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। জেলা পর্যায়ে এখনই বেশিরভাগ বই এসে গেছে। ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে।’
তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি। আমাদের মূল লক্ষ্য এটিই। কারণ আগে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিভিন্ন খাতে হলেও মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয়ভাবে গুরুত্ব পায়নি। আমরা এখন সেই মূল উদ্দেশ্যকেই সামনে আনছি এবং প্রয়োজনীয় সবকিছু সেভাবেই সাজাচ্ছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো- একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝতে পারে এবং লিখে প্রকাশ করতে পারে, এটাকেই আমরা ভাষাগত স্বাক্ষরতা বলি।’
বিজ্ঞাপন
এএসএল/এএইচ

