জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বলেছেন, ‘যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত ভালো ছিলাম। আর এখন ১ মাসে আমার এত দোষ, আমি খারাপ হয়ে গেলাম?।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
খাদিজা লিখেছেন, ‘এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেন মেয়েরা এই সেক্টরে আসে না বা আসতে চায় না। অনলাইনে ফেইক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং- সবকিছুই না হয় বুঝলাম, মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? সরি! হলুদ সাংবাদিক। একেকজন কল দিয়ে এত মিথ্যা অপবাদ, উলটা পালটা প্রশ্ন, মানসিক প্রেসার আর নিতে পারছি না।’
তিনি অভিযোগ করে লেখেন, ‘একজন কল দিয়ে যখন কথায় পারে না, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে। সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন। কেন একটা নির্দিষ্ট দলের চাটামি করেন? ১৫ মাস জেলে থেকে এসেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছি।’
খাদিজাতুল কুবরা আরও লিখেছেন, ‘আমি কারও সঙ্গে কখনো খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ। এসব লোকদের ব্যাপারে স্টেপ নেওয়ার কি কেউ নেই? আর নিতে পারছি না।’
এসএইচ/এএইচ
