বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাঁচ দিনে মাধ্যমিকে ভর্তির আবেদন পড়েছে সাড়ে তিন লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

পাঁচ দিনে মাধ্যমিকে ভর্তির আবেদন পড়েছে সাড়ে তিন লাখ

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন চলছে। গত পাঁচ দিন আগে শুরু হওয়া প্রক্রিয়ার আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ১১ লাখ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ছয়টি। এই আবেদন চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, এবার সরকারি-বেসরকারি ৭ হাজার ৫০১টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি।


বিজ্ঞাপন


৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন এবং ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ৯৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী।

গত পাঁচদিনে মঙ্গলবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন করেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে গত ২১ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএসর মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ভর্তি কমিটি-প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।


বিজ্ঞাপন


এএসএল/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর