জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এটি উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৩৯টি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, দেশের অন্যান্য অনেক প্রতিযোগিতায় অরাজকতার দৃশ্য দেখা যায়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ প্রতিযোগিতা শৃঙ্খলা, সৌন্দর্য ও সাচ্ছন্দ্য বজায় রেখে সম্পন্ন হবে বলে ইনশাআল্লাহ। খেলার আনন্দ যেন কোনোভাবেই বিষাদে রূপ না নেয়, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জবি এখন একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন বিভাগ খোলার প্রস্তাবও দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের কিছু সমস্যা থাকলেও বর্তমান প্রশাসন তা সমাধানে নিয়মিতভাবে কাজ করছে। সাফল্য-ব্যর্থতার মাঝেও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ফিজিক্যাল এডুকেশন বিভাগ খোলার বিষয়ে প্রয়োজনীয় অনুমোদনের পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির (ফুটবল ও হকি) আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এআর

