ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবীর (সা.) জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু সালামের জীবনী আমাদের জন্য পথনির্দেশনা। ঢাবির শিক্ষার্থীদের বিশ্ব নবীর সিরাত সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করব এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বনবীর অনুসৃত পথে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবে।
ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, মহানবী (সা:) এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন। তার সিরাত অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহীত।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) তাঁর জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি জ্ঞানার্জনের জন্য অনেক গুরুত্ব দিয়েছিলেন। একই সাথে তিনি মুসলমান হিসেবে বাস্তব জীবনে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্ব আলোচনা করেন।
এছাড়াও, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সিরাত বা সিরাতুন্নবী (সা.) বা নবী মুহাম্মদ (সা.)-এর জীবনীর বিস্তারিত বিবরণ আলোচনা করেন।
আইএসএস/ক.ম




