শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রাথমিকে সংগীত পাঠ বাধ্যতামূলক ও ‘ট্রান্সজেন্ডার’ কোটায় আপত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

প্রাথমিকে সংগীত পাঠ বাধ্যতামূলক ও ‘ট্রান্সজেন্ডার’ কোটায় আপত্তি
প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

প্রাথমিক শিক্ষায় শেখার ঘাটতি কাটিয়ে ওঠার পরিবর্তে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের সমালোচনা করেছে ‘মূল্যবোধ আন্দোলন’ নামের সামাজিক সংগঠন। তাদের অভিযোগ, বাংলা, ইংরেজি ও গণিতে দুর্বলতার হার এখনো উচ্চমাত্রায় থাকা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই সমালোচনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওজেভ ফাউন্ডেশনের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য অংশই বাংলা ও ইংরেজি বই সঠিকভাবে পড়তে পারছে না, গণিতেও রয়েছে দুর্বলতা। এই বাস্তবতা প্রমাণ করে যে প্রাথমিক স্তরে মৌলিক বিষয়গুলোতেই শিক্ষার্থীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। অথচ এই পরিস্থিতিতে সরকারের সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার বণ্টনে প্রশ্ন তোলে।

সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাদাত বলেন, বাংলাদেশে ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলাম শিক্ষার সুযোগ সীমিত রেখে সংগীত শিক্ষাকে প্রাধান্য দেওয়া সাংস্কৃতিক বাস্তবতা ও জনমানসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, সম্প্রতি ঘোষিত গেজেটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী ও ‘তৃতীয় লিঙ্গ’ কোটায় ১ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তেরও বিরোধিতা করে সংগঠনটি জানায়, ‘তৃতীয় লিঙ্গ’ এর সংজ্ঞা অস্পষ্ট এবং এর মাধ্যমে সমকামীদের অন্তর্ভুক্ত করা হলে তা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হবে।

সংগঠনটি দাবি করেছে, শিক্ষার মানোন্নয়নে সর্বাগ্রে বাংলা, ইংরেজি ও গণিতের শেখার ঘাটতি পূরণে জোর দিতে হবে এবং ইসলাম শিক্ষার সুযোগ বিস্তৃত করতে হবে। পাশাপাশি যোগ্য সংগীত শিক্ষকের সংকট নিরসনের আগে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করা এবং বিতর্কিত ‘তৃতীয় লিঙ্গ’ কোটা চালুর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।

এএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর