ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির দেওয়া পুরনো একটি ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন একই প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান ছাত্র ইউনিয়নের এই নেতা।
আরও পড়ুন: ডাকসু: বামপন্থীদের প্যানেল ঘোষণা মঙ্গলবার, মেঘমল্লারসহ যারা লড়বেন
২০১৯ সালে ডাকসু নির্বাচনে বিজয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চাওয়ার কথা বলেছিলেন ইমি। ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি জানিয়েছিলেন তিনি।
ডাকসুর এবারের নির্বাচনে ভিপি পদপ্রার্থী শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি ইমি। বাম জোটের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ফলে সামনে চলে এসেছে হাসিনাকে নিয়ে দেওয়া তার সেই পুরনো পোস্টটি।
এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষেপে গিয়ে জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, ‘এটা নিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সেটা করতে পারেন, কিন্তু এই প্রেস কনফারেন্সের পর। ইমি আপা ক্যাম্পাসেই আছেন, উনাকে ব্যক্তিগতভাবে করতে পারেন। কিন্তু একটা সেন্ট্রাল বিষয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আমরা কথা বলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এটার মাধ্যমে একটা মিডিয়া ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যারা ২০২৩ সালের আগ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, তাদেরও আমরা এই বিষয়ে উত্তর দিইনি। আর এই ইস্যুকে বাড়াতে চাই না। আমরা চাই না এটা নিয়ে আলোচনা চলমান থাকুক। এটাকে আমরা একটা ট্র্যাপ হিসেবেও মনে করছি।’
আরও পড়ুন: ১০ বছরেও শেষ হয়নি অনার্স, কারণ জানালেন মেঘমল্লার বসু
এর আগে সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী ইমি ও মেঘমল্লার বসুসহ অন্যরা। তবে এদিন তারা কোনো প্যানেল ঘোষণা করেননি। বুধবার করবেন বলে জানান।
সেই কথা মতো আজ পূর্ণ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। এই প্যানেল থেকে এজিএস পদে জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন মোজাম্মেল হক ফর্ম সংগ্রহ করেছেন।
এএসএল/এএইচ




