শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এবং তা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৬৫৭ জন, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ৭৬০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬৯৪ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন, যা এবার কমে ৮১ হাজার ৮৮২ জন দাঁড়িয়েছে।

নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষত, পরীক্ষা চলাকালে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষার সময়ে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

প্রশ্নফাঁসের গুজব ও মোবাইল নিষেধাজ্ঞা
পরীক্ষার সময় কোনো ধরনের প্রশ্নফাঁসের গুজব যাতে ছড়াতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

-পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
-ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা এবং বৃত্ত ভরাট করতে হবে।
-উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে।
-এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না রাখা।
-কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।
-তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
-পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে।
-পরীক্ষাকেন্দ্রের ভেতরে উপস্থিতি স্বাক্ষর বাধ্যতামূলক।
-ঢাকা বোর্ডের ৩৩ দফা নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড সুষ্ঠু পরিবেশে পরীক্ষা পরিচালনা করার জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে,

-প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকতে হবে।
-শিক্ষার্থীদের তিন ফুট দূরত্বে বসতে হবে।
-প্রশ্নপত্র পরীক্ষা শুরুর দিন নির্ধারিত সেট অনুযায়ী খোলা যাবে এবং অব্যবহৃত সেট ফেরত পাঠাতে হবে।
-প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক।
-পরীক্ষাকেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ এবং সচেতনতা তৈরিতে মাইক ব্যবহার করতে হবে।
-সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নকল প্রতিরোধে পোস্টার লাগানো বাধ্যতামূলক।

পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা
আজ সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন।

স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতকরণ
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থী, কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা রয়েছে।

এছাড়া, পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।

প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নজরদারি
এবছর পুরো পরীক্ষা সময়কালজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সতর্ক থাকবে। গোয়েন্দা সংস্থাগুলোও বিশেষ নজরদারিতে থাকবে। খন্দকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক, জানিয়েছেন যে সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি
পরীক্ষার পরিবেশ নষ্ট করার কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চাওয়া হলে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর