রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন পুলের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত উপহারের একটি বাস (রংপুর-ব-০৫- ০০১৬) হঠাৎ পরিবহন পুল থেকে বাস গায়েব করে বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৮তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে যে সকল অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখতে এবং পরিবহনপুলের বাস বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তেও তিন সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
উপহারের বাস গায়েব কিংবা উধাও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসির দৃষ্টিগোচর হয়। তাই এই বাস বিক্রির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্য হলেন আহ্বায়ক হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, সদস্য সচিব হন পরিবহন পরিচালক, অন্য একজন সদস্য হলেন নির্বাহী প্রকৌশলী।
প্রেস ব্রিফিংয়ের আগে সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে ১০৮তম সভা অনুষ্ঠিত হয়। এখানে সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি




