শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (০৭ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে তারা সড়ক অবরোধ করার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয়েছে তীব্র যানজট।

শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবরোধ করে ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

ঢাকা কলেজের ছাত্র রবিউল ইসলাম জানান, এর আগেও তারা টানা চার দিন ঢাকা কলেজের মূল ফটকে অবস্থানসহ কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

তিনি আরও জানান, কোটা বাতিল করাই তাদের দাবি। কারণ কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে।

বেলা তিনটার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকায় শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন।

গত ৫ জুন কোটার পরিপত্র বাতিলের রায়ের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ১ জুলাই থেকে টানা আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি, ২০১৮ সালে কোটাব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করতে হবে।

এর বাইরে কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে আগের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করতে হবে বলে দাবি করে আসছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, এই কমিশনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর