শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকের অংশগ্রহণকারীরা।

বুধবার (২৯ নভেম্বর) চবির সমাজবিজ্ঞান অনুষদে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের রাজনৈতিক সংকট’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র’ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।


বিজ্ঞাপন


কেন্দ্রটির নির্বাহী পরিচালক ও চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারীর আহ্বানে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, অধ্যাপক ড. আনোয়ারা বেগম, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আককাছ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া না হওয়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে নানা রকম মত প্রকাশ করেন। সাধারণ জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকারসহ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়েও নানা মত উঠে আসে।

বৈঠকে জাতীয় রাজনীতিতে বৈশ্বিক চাপ ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়। দেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আধিপত্যের বিষয়টিও তুলে ধরা হয়। এর সঙ্গে সরকার ও বিরোধীদলগুলোর সম্পর্ক নিয়ে বিস্তারিত মন্তব্য উপস্থাপিত হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের সুফল-কুফলও আলোচনাও উঠে আসে।


বিজ্ঞাপন


বৈঠকের আহ্বায়ক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক সংকটে নিপতিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদলের অবস্থান বিপরীত মেরুতে। প্রধান বিরোধীদল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করতে রাজি নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

নির্বাচনের পুনঃতফসিল ও প্রধানমন্ত্রীকে জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়ে অধ্যাপক পাটওয়ারী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলসমূহের অপরিণামদর্শী ও অসহনশীল আচরণ এবং বিভিন্ন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন তৎপরতা দেশকে গভীর সংকটে নিপতিত করছে। এ থেকে উত্তরণের জন্য দেশের রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়ে সংলাপের আয়োজন করে এ রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। সংলাপের পরিবেশ সৃষ্টির লক্ষে বিরোধীদলের ওপর দমন পীড়ন বন্ধ করা উচিত। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে সংলাপের আহ্বান জানানো যেতে পারে। নির্বাচনের পুনঃতফসিল এ ক্ষেত্রে একটি উপায় হতে পারে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর