‘এই যে হুডি। নানা রঙের, ডিজাইনের হুডি। মাত্র ৩০০ টাকায় হুডি।’- এভাবেই ডেকে ডেকে হুডি বিক্রি করছিলেন রাজধানীর নিউ মার্কেটের ফুটপাতের ব্যবসায়ীরা। শীতের হাত থেকে বাঁচতে হুডি কেনার হিড়িক পড়েছে। ২০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে এসব হুডি। এর ক্রেতা বেশির ভাগ তরুণ-তরুণী।
কয়েক দিন ধরে গোটা দেশে চলছে শীতের দাপট। বাদ যায়নি রাজধানী ঢাকা। শীতের তীব্রতা থেকে বাঁচতে রাজধানীবাসী ভিড় করছেন শীতের কাপড়ের দোকানগুলোতে।
বিজ্ঞাপন
রোববার (৮ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, দেদারছে বিক্রি হচ্ছে এসব শীতের কাপড়। তবে বেশি চাহিদা হুডির। ২৫০ থেকে ৩০০ টাকায় মিলছে মানসম্মত হুডি।
ঢাকা কলেজের বিপরীতে হুডি বিক্রেতা মো. আলী বলেন, ‘আমি ২০০টা হুডি কিনছি শুক্রবার। এখন আছে ১২০টার মতো। অনেকে আছে নিউ মার্কেট আসেই হুডি কেনার জন্য।’
সাফওয়ান ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘জ্যাকেট কিংবা সোয়েটারের থেকে হুডি আরামদায়ক, স্টাইলিশ। ব্যাগে রাখা যায়। শীত লাগলে পরি, তাই হুডি কেনা।’

বিজ্ঞাপন
এই শিক্ষার্থী বলেন, ‘দোকান থেকে ফুটপাতে দাম ২০০-৩০০ টাকা কম লাগে। একই জিনিস এখানে বেছে কিনতে হয় এই আরকি।’
শান্তা ইসলাম নামে একজন ক্রেতা বলেন, ‘আমার বাড়ি বরিশাল। বাড়িতে যাব, তাই ছোট ভাইয়ের জন্য ৩০০ টাকায় হুডি কিনলাম। বরিশালে নাকি হুডির দাম ৫০০-৭০০ টাকা। ভাই আমাকে ফোন করে বলছে হুডি কিনে আনতে।’
নিউমার্কেটজুড়েই দেখা যায় শীতের কাপড়ের চাহিদা ব্যাপক। হুডির পাশাপাশি মানুষ কম্বল, সোয়েটার, জ্যাকেট, কানটুপি হুমড়ি খেয়ে কিনছেন। দুপুরে ফুটপাতে এক ব্যক্তি এক বস্তা কানটুপি আনেন। ৫০ টাকা করে এসব কানটুপি বিক্রি করেন তিনি। সেখানে দেখা যায়, ১৫ মিনিটে অন্তত ৫০টি কানটুপি বিক্রি হলো। বিক্রেতা বলেন, এই টুপি অন্যখানে কিনলে ১০০-১৫০ টাকা লাগবে। আমি ৫০ টাকায় দিচ্ছি এক বস্তা টুপি আজকেই শেষ হয়ে যাবে।
পিএস/জেবি

