রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

রমজানের পণ্য নিয়ে ২৯ জাহাজের দীর্ঘ অপেক্ষা, বাড়ছে আমদানি ব্যয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

রমজানের পণ্য নিয়ে ২৯ জাহাজের দীর্ঘ অপেক্ষা, বাড়ছে আমদানি ব্যয়
বহির্নোঙরে অপেক্ষায় জাহাজের সারি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসছে আসন্ন রমজানের জন্য আমদানি করা খাদ্যপণ্যবাহী বড় জাহাজ মাদার ভেসেল। লাইটার জাহাজের অভাবে মাদার ভেসেল থেকে সেই খাদ্যপণ্য খালাস করে বন্দরে আনা যাচ্ছে না সময়মতো। এতে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে মাদার ভেসেলকে। বাড়ছে আমদানিকারকদের ব্যয়ও।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল ২৮ নভেম্বর অপেক্ষমাণ ছিল ৮৯টি মাদার ভেসেল। এর মধ্যে ৩০টিতে ছিল শিল্পকারখানার কাঁচামাল। বাকি ৫০টি জাহাজে ছিল বাণিজ্যিক আমদানিকারকদের পণ্য। এসব জাহাজের ২৯টিতে ছিল রমজান সামনে রেখে আমদানি করা খাদ্যপণ্য।

আর এসব পণ্য খালাসে প্রয়োজন প্রায় ২৪০টি লাইটার জাহাজ। কিন্তু বরাদ্দ মিলেছে মাত্র ৯৫টি। ফলে যে পণ্য খালাসে সাধারণত ১০ থেকে ১২ দিন লাগার কথা, তা শেষ করতে এখন সময় লাগছে ৩০ দিনেরও বেশি। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে মাদার ভেসেলগুলোকে।

আরও পড়ুন

রমজান উপলক্ষে ১১টি পণ্য বাকিতে আমদানির সুযোগ

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাণিজ্যিক আমদানিকারকেরা। কারণ শিল্পকারখানার মালিকেরা নিজেদের ব্যবস্থাপনায় কিংবা ভাড়া করা লাইটার জাহাজে পণ্য খালাস করতে পারছেন। তাদের ক্ষেত্রে সময় লাগছে সাত থেকে আট দিন। অন্যদিকে বাণিজ্যিক আমদানিকারকদের নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশনের (বিডব্লিউটিসি) বরাদ্দ ও সিরিয়ালের ওপর।

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সরওয়ার হোসেন সাগর ঢাকা মেইলকে বলেন, একটা জাহাজ আমরা ১০-১২ দিনে খালাস করি, সেই জাহাজ এখন মাসখানেক লাগছে। তাহলে আমার ২০ দিন অতিরিক্ত সময় গুনতে হচ্ছে। একইভাবে একজন আমদানিকারক তার মাদার জাহাজ ৩০-৩৫ বা ৪০ হাজার ডলার দিয়ে আনলেন। ১০ থেকে ১২ দিনে খালাস করার কথা থাকলেও এখন ৩০ দিন লাগছে। এতে অতিরিক্ত সময়ের খরচ বহন করতে হচ্ছে।

রমজানের পণ্যের ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কা। ছবি: সংগৃহীত
রমজানের পণ্যের ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কা। ছবি: সংগৃহীত

সরওয়ার হোসেন সাগর বলেন, গত দুই থেকে তিন দিনে যদি ৯০টি লাইটার জাহাজও দেওয়া হয়, তারপরও বহির্নোঙরে কতগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, সেটি বিবেচনায় নিতে হবে। সুপারম্যাক্স জাহাজগুলোর জন্য প্রতিদিন প্রায় ৩৫ হাজার ডলার ব্যয় হচ্ছে। যত দিন ডেমারেজ হবে, তত দিনের টাকা জাহাজমালিককে দিতে হবে। এখানে অন্য কোনো বিকল্প নেই।

লাইটার জাহাজ সংকটের পেছনে মালিকদের একাংশ অন্য রুটে চলে যাওয়াকেও দায়ী করছেন। তাদের তথ্য অনুযায়ী, বেশি ভাড়ার আশায় চট্টগ্রাম থেকে দুই শতাধিক লাইটার জাহাজ মংলা ও পায়রা বন্দরের দিকে চলে গেছে। কিছু জাহাজ বিদেশি রুটেও কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য পরিবহন করছে।

চট্টগ্রাম রুটে থাকা জাহাজগুলোর বড় একটি অংশ আবার সরাসরি শিল্পকারখানার পণ্য পরিবহনে নিয়োজিত। ফলে বিডব্লিউটিসির সিরিয়ালে থাকা বাণিজ্যিক আমদানিকারকদের জন্য জাহাজের সংখ্যা আরও কমে যাচ্ছে।

আরও পড়ুন

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের মুখপাত্র পারভেজ আহমেদ ঢাকা মেইলকে বলেন, কিছু জাহাজ বাইরে চলে যায়। এই জাহাজগুলোর কারণে সংকট তৈরি হচ্ছে। যেসব জাহাজ বাইরে চলে, সেগুলো কয়লা, পাথর অথবা অন্যান্য আমদানিপণ্য পরিবহন করে। ওই পণ্যবাহী মাদার ভেসেলগুলো তুলনামূলকভাবে কম সময়ে খালাস হয়।

জাহাজমালিকদের ভাষ্য, জ্বালানি, শ্রমিকের বেতন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ছোট জাহাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিডব্লিউটিসির নির্ধারিত ব্যবস্থায় একটি জাহাজ মাসে একটি ট্রিপ দিতে পারলেও সরাসরি পণ্য পরিবহনে একই সময়ে তিনটি ট্রিপ দেওয়া সম্ভব। এ কারণে অনেক মালিক বিডব্লিউটিসির বাইরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছেন।

ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের সভাপতি হাজী শফিক আহমেদ ঢাকা মেইলকে বলেন, ফুয়েলের দাম বেশি, জাহাজের শ্রমিকদের বেতনও বেশি। বর্তমানে বিডব্লিউটিসিতে যে রেট আছে, তার চেয়ে কম রেটে জাহাজ চালানো কোনোভাবেই সম্ভব নয়। তবে যারা সরাসরি জাহাজ পরিচালনা করছে, তারা বিডব্লিউটিসির মাধ্যমে মাসে একটি ট্রিপের বিপরীতে সরাসরি তিনটি ট্রিপ দিতে পারছে। এ কারণে অনেক কম রেটেও তারা ওই পথে জাহাজ চালাচ্ছে।

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের সংকট কাটছে না। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের সংকট কাটছে না। ছবি: সংগৃহীত

লাইটার জাহাজের অপেক্ষায় মাদার ভেসেল আটকে থাকায় বাড়ছে জাহাজভাড়া ও ডেমারেজ খরচ। বিশেষ করে সুপারম্যাক্স ধরনের জাহাজের ক্ষেত্রে প্রতিদিন প্রায় ৩৫ হাজার ডলার অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন শিপিং এজেন্টরা। কোনো জাহাজ যত দিন দেরিতে খালাস হবে, তত দিনের ডেমারেজ দিতে হবে জাহাজমালিককে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লাইটার জাহাজের সংকটের পাশাপাশি বরাদ্দ ব্যবস্থাপনায় দুর্বলতা, সিরিয়াল ভঙ্গ এবং জাহাজ মালিকদের মধ্যে সমন্বয়হীনতাও পরিস্থিতিকে জটিল করছে। সম্প্রতি সিরিয়াল ভঙ্গের অভিযোগে ৩০টি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরে মুচলেকা নিয়ে সেই ব্যবস্থা শিথিল করা হয়। আবার কিছু আমদানিকারক লাইটার জাহাজকে পণ্য রাখার গুদাম হিসেবে ব্যবহার করায় সেগুলো দীর্ঘ সময় আটকে থাকছে। এতে কার্যকর জাহাজের সংখ্যাও কমে যাচ্ছে।

আরও পড়ুন

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বছরে প্রায় ছয় কোটি টন পণ্য খালাস হয়। এই বিপুল পরিমাণ পণ্য পরিবহনে লাইটার জাহাজের ওপর নির্ভর করতে হয় আমদানিকারকদের। রমজানের আগে খাদ্যপণ্যের আমদানি বাড়লেও জাহাজ সংকটের কারণে সেগুলো সময়মতো খালাস করা যাচ্ছে না।

ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত সংকটের সমাধান না হলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহেও প্রভাব পড়তে পারে। তাদের দাবি, লাইটার জাহাজের সংকট নিরসনের পাশাপাশি বরাদ্দ ও সিরিয়াল ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে জাহাজমালিক, আমদানিকারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

আইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর