অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস হিসাব বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।
তবে এসব হিসাব কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু করা হতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি এবং অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণে গত বুধবার এই জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টিএই/এএইচ




