রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জিডিপির হিসাব তথ্যে আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

জিডিপির হিসাব তথ্যে আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, পরিসংখ্যানের তথ্য নিয়ে অতীতে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এখন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে সাধারণ অর্থনীতি বিভাগের আয়োজনে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অতীতে জিডিপি হিসাবের পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উদ্যোগে পরিচালিত গবেষণায় হিসাবের পদ্ধতিতে যথেষ্ট গলদ পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে পরিসংখ্যান ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে পরিসংখ্যানের তথ্য নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন সঠিক তথ্য প্রকাশ করা হলেও মানুষ তা সহজে বিশ্বাস করতে চায় না। তথ্যের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হলে পরিসংখ্যান তৈরির প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্য বিকৃতির কোনো সুযোগ রাখতে চায় না। পরিসংখ্যানের তথ্য যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের বাইরে থেকে তৈরি ও প্রকাশ করা যায়, সে জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশের প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে।

মূল্যস্ফীতির তথ্য প্রকাশের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, আগে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদনের বিষয়টি যুক্ত ছিল। এখন তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে তা সরাসরি প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এতে তথ্য প্রকাশের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হস্তক্ষেপের সুযোগ কমবে।

তিনি আরও বলেন, পরিসংখ্যানের তথ্য সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক ও নীতিনির্ধারকদের যেন প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ থাকে, তা নিশ্চিত করা জরুরি। তথ্যের অবাধ প্রবেশাধিকার বাড়লে গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে তা সহায়ক হবে।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই। ভুল বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করা হলে তার প্রভাব পড়ে সরকারি ব্যয় ও উন্নয়ন কার্যক্রমে। তাই পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার এবং তথ্যের মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। নাগরিকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলার চিন্তাও রয়েছে। এ ক্ষেত্রে ‘এক নাগরিক, এক তথ্য, এক নম্বর, এক ওয়ালেট’ ধারণা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর