তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও নতুন নিম্নতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছে সংগঠনটি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। এতে বলা হয়, বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে চায় সংগঠনটি।
বিটিএমএ জানায়, ২০২৪ সালে বস্ত্রশিল্পের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই কাঠামোর মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে নতুন মজুরির দাবিতে বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় আগেভাগেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংগঠনটির দাবি, কয়েকটি কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ নতুন মজুরির দাবিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলে মনে করে বিটিএমএ। সাম্প্রতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে বলেও দাবি করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামোর সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। একইভাবে বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ, বস্ত্র ও তৈরি পোশাক খাত পরস্পরের পরিপূরক। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিটিএমএর মতে, মজুরির দাবিতে উৎপাদন ব্যাহত হলে তা শ্রমিকদের জন্যও ক্ষতিকর হবে। এ কারণে শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে ধৈর্য ও সংযমের সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শ্রমিকবান্ধব, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা চেয়েছে।
বিটিএমএ আশা করছে, নতুন নিম্নতম মজুরি কাঠামো বস্ত্রশিল্পের শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হবে। সংগঠনটির সদস্য কারখানার সংখ্যা ১ হাজার ৮৮৮। স্পিনিং, প্রিন্টিং, ডায়িং ও ফিনিশিং খাতের এসব কারখানায় প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন।
এমআর/এএম




