শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী
‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ সেমিনারে কথা বলছেন অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও অক্টোবর মাসে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতিকে অভ্যন্তরীণ ও আমদানি-জনিত এই দুই ভাগে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সার, পরিবহনসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো হয়েছে। মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। পর্যায়ক্রমে এই কর্মসূচি আরও ২ কোটি পরিবারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের বীজ ও সারে সহায়তা এবং চাল বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু এবং ওষুধশিল্পের বিকাশে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।

সরকারি ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা সরকারের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের পরিমাণ জানতে পারবেন।

তিনি বলেন, সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে আয়, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি কম এমন কিছু চলমান প্রকল্পও পর্যালোচনা করে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখতে ব্যাংকনির্ভরতা কমানোর উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিকল্প অর্থায়নের উৎস হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড, সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কর ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, করনীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব আলাদা করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কর ও মোট দেশজ উৎপাদনের অনুপাত বাড়ানোর ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা চালু এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, ইলেকট্রনিকস খাতে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় অবকাঠামো প্রকল্প এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্পে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।

সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর