বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও ক্রেতাদের আস্থা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আধুনিক প্যাকেজিং, কার্যকর মান নিয়ন্ত্রণ ও কৃষিপণ্যের পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রফতানি সম্ভাবনা আরও বাড়বে। এ ক্ষেত্রে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এতে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুমভেদে কোন এলাকার মাটি কোন ফসলের জন্য বেশি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কৃষিপণ্য রফতানিতে আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রফতানি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন তাজা ফল, ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য। আগের অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
রফতানিকৃত ফলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। গত অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রফতানি হয়েছে। এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি হচ্ছে।
বাংলাদেশের কৃষিপণ্যের উল্লেখযোগ্য রফতানি গন্তব্যের মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রমের ইতিবাচক প্রভাবও তুলে ধরা হয় সভায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এটি চালুর আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানদণ্ড প্রতিপালনে অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন আসত। কেন্দ্রীয় প্যাকিং হাউস চালুর পর সেই সংখ্যা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে দাঁড়িয়েছে।
বিশেষ করে আম রফতানিতে মান নিয়ন্ত্রণের সাফল্য উল্লেখযোগ্য। কঠোর পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রফতানি করা হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো মানসংক্রান্ত অসংগতির নোটিফিকেশন পাওয়া যায়নি।
রফতানি প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড উদ্ভিদ স্বাস্থ্য সনদ দেওয়া হচ্ছে। পাশাপাশি রফতানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ, কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় এবং নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মাধ্যমে গত পাঁচ অর্থবছরে রাজস্ব আহরণও হয়েছে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি উদ্ভিদ স্বাস্থ্য সনদ প্রদানের বিপরীতে এ রাজস্ব এসেছে। এর মধ্যে শুধু ২০২৫-২৬ অর্থবছরেই ৪ হাজার ৫০৪টি সনদ দিয়ে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্যাকিং হাউসের অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ ও সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এএম




