বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ, ফের সভা ডেকেছে বোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

শেয়ার করুন:

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ, ফের সভা ডেকেছে বোর্ড
কারখানায় ব্যস্ত পোশাকশ্রমিক: ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ফের সভা ডেকেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। আগে এই মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয় বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে। এ গ্রেডে নিম্নতম মজুরি ধরা হয়েছে ১৭ হাজার টাকা।

সিদ্ধান্ত অনুযায়ী, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।

গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর