ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে সম্পদমান পর্যালোচনা (এআরকিউ) কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। একই সঙ্গে আগামী চার বছরে ব্যাংকিং খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতে চায় বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সুপরিকল্পিত ও সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্য ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করে পর্যায়ক্রমে দূর করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা (এআরকিউ) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র সামনে এসেছে।
এআরকিউর কারণে খেলাপি ঋণের হারসহ ব্যাংকিং খাতের বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। প্রকৃত অবস্থা নিরূপণকে ব্যাংকিং খাতের দুর্বলতা দূরীকরণ ও টেকসই সংস্কারের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা করছে সংস্থাটি।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসব ব্যাংকে সুশাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন। ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো এবং আমানতকারী ও সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করাই এসব পদক্ষেপের লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা ও আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এতে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের সংকটের পুনরাবৃত্তি প্রতিরোধের সক্ষমতা বাড়ানো হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও সক্ষম, ঝুঁকি সহনশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। পাশাপাশি জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, আগামী চার বছরে সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে। এতে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়বে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতার কোনো বিকল্প নেই। এ প্রক্রিয়ায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।
এ ছাড়া জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
টিএই/এআরএম




