ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ব্যাংক কর্তৃপক্ষ।
এ ধরনের বিনিয়োগে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্যও তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই।
এর জবাবে রোববার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও তারা পায়নি।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তা জানানো হবে।
এর আগে প্রকাশিত সংবাদে ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
তবে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এ ধরনের বিনিয়োগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা উদ্যোগের তথ্য তাদের কাছে নেই।
টিএই/এএইচ



