রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩৪ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান, জরিমানা ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

৩৪ জেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান, জরিমানা ১০ লাখ

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, নকল-ভেজাল পণ্য বিক্রি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে ৩৪টি জেলায় ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় অধিদপ্তরের ৪৮টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে। পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চালানো এ অভিযানে নানা ধরনের অনিয়ম শনাক্ত করা হয়।

অধিদফতর সূত্রে জানা গেছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি প্রতিরোধে এ অভিযান চালানো হয়। পাশাপাশি নকল ও ভেজাল পণ্যের উৎপাদন-বিক্রি বন্ধ এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট আইন প্রতিপালন নিশ্চিত করার বিষয়েও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের বাবুরহাট বাজারে শুঁটকি মাছের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শুঁটকি মাছে কৃত্রিম রং মেশানো, পচা ও নষ্ট শুঁটকি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখার বিষয়টি শনাক্ত করা হয়।

S

এসব অপরাধে উত্তম কুমার সরকারকে ১০ হাজার, আমিন পাটোয়ারীকে ৫ হাজার এবং একতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পচা ও নষ্ট শুঁটকি এবং ব্যবহৃত রং ধ্বংস করা হয়। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফিডের দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফিড বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এদিকে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি না করতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে অধিদফতর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

পণ্য কেনায় কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

অধিদফতর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ বজায় রাখতে দেশব্যাপী এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর