তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবিত হিসাবের বিভিন্ন দিক নিয়ে আপত্তি তুলেছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এবার পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনকারী, দারিদ্র্যসীমা, বাসাভাড়া ও বার্ষিক মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সেই আপত্তির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে সিপিডি। সংস্থাটি জানিয়েছে, তাদের বিশ্লেষণ কোনো চূড়ান্ত মজুরি প্রস্তাব নয়, বরং ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনার জন্য একটি সম্ভাব্য পরিসর।
রোববার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো পাঁচ পৃষ্ঠার এক চিঠিতে নিজেদের অবস্থান তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
চিঠিতে সিপিডি বলেছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও কারখানা মালিক উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। এজন্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরের জরিপ পরিচালনা করা প্রয়োজন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও শিল্পের ব্যবসায়িক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর গবেষণার বিভিন্ন অনুমান ও পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে সিপিডিকে চিঠি দেয় বিজিএমইএ। ওই চিঠির জবাবেই নিজেদের হিসাবের পদ্ধতি ও যৌক্তিকতা ব্যাখ্যা করেছে গবেষণা সংস্থাটি।
পরিবারে চার সদস্য ও ১.৫৮ জন উপার্জনকারী ধরে হিসাব
সিপিডির বিশ্লেষণে একটি পরিবারে চারজন সদস্য এবং গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরা হয়েছে। এই হিসাবের ভিত্তি হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ ২০২২, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), অ্যানকারসহ বিভিন্ন গবেষণার তথ্য পর্যালোচনা করা হয়েছে।
সংস্থাটির পর্যালোচনায় পরিবারের গড় সদস্য সংখ্যা ৩ দশমিক ৬০ থেকে ৪ দশমিক ১৮ জন এবং উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যমান বিবেচনায় নিয়ে চারজন সদস্য ও ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী নির্ধারণ করা হয়েছে।
তবে বিজিএমইএ মধ্যমানের পরিবর্তে সরল গড় ব্যবহারের পরামর্শ দিয়েছিল। জবাবে সিপিডি জানিয়েছে, পাঁচটি উৎসের তথ্য অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩ দশমিক ৯৩ জন। অন্যদিকে মধ্যমান চারজন। দুই হিসাবের পার্থক্য খুবই সামান্য। ফলে এ কারণে মজুরি হিসাবেও বড় পরিবর্তন হওয়ার সুযোগ নেই।
পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণে নতুন কোনো প্রতিনিধিত্বশীল জরিপ করা হয়নি বলেও স্বীকার করেছে সিপিডি। তবে বিদ্যমান তথ্যের সীমাবদ্ধতা বিবেচনায় একাধিক গবেষণার তথ্য ব্যবহার করে হিসাবগুলোকে নির্দেশক বা আনুমানিক হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সদস্যসংখ্যা ৩.৯৬ ধরলে মজুরি কমবে ১৮৬ টাকা
পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণে বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাব দিয়েছিল বিজিএমইএ। ওই জরিপে পরিবারের গড় সদস্য সংখ্যা পাওয়া গেছে ৩ দশমিক ৯৬ জন।
এ বিষয়ে সিপিডির বক্তব্য, পরিবারের আয়, ব্যয়, ভোগ ও দারিদ্র্য সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য খানা আয়-ব্যয় জরিপ বেশি প্রাসঙ্গিক। তাদের দারিদ্র্যসীমা ভিত্তিক মজুরি হিসাবের মূল ভিত্তি ২০২২ সালের জরিপে পাওয়া ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা। এতে মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ধরা হয়েছিল ৪ হাজার ৯২২ টাকা।
তবে বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্য সংখ্যা চারজনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না। সিপিডির হিসাব অনুযায়ী, এতে দারিদ্র্যসীমা ভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে সিপিডি
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতাও তুলে ধরেছে সিপিডি। সংস্থাটির মতে, পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিক শহর ও শহর সংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বড় একটি অংশকে বাসাভাড়া দিতে হয় এবং খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। ফলে তাদের জীবনযাত্রার প্রকৃত ব্যয় নির্ধারণে গ্রামীণ দারিদ্র্যসীমা যথাযথ চিত্র তুলে ধরবে না।
সিপিডি জানিয়েছে, খানা আয়-ব্যয় জরিপ ২০২২-এ ব্যবহৃত ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নয়। গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলের ক্ষেত্রেও এটি প্রাসঙ্গিক।
অন্যদিকে শহর ও গ্রামের দারিদ্র্যসীমার সরল গড় ব্যবহারের প্রস্তাব যথাযথ নয় বলে মনে করে সংস্থাটি। কারণ, কত শতাংশ শ্রমিক শহরে এবং কত শতাংশ গ্রামে বসবাস করেন, সেই তথ্য ছাড়া দুই এলাকার দারিদ্র্যসীমাকে সমান গুরুত্ব দেওয়া যুক্তিসংগত নয়।
তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত গড় বা সম্মিলিত দারিদ্র্যসীমা নির্ধারণ করা সম্ভব বলে জানিয়েছে সিপিডি। এজন্য সদস্য কারখানাগুলোর এলাকা ভিত্তিক শ্রমিক সংখ্যার তথ্য বিজিএমইএর কাছে চেয়েছে সংস্থাটি।
বাসাভাড়া দুবার গণনার অভিযোগ নাকচ
সিপিডির মজুরি হিসাব নিয়ে বিজিএমইএর অন্যতম আপত্তি ছিল বাসাভাড়া নির্ধারণ পদ্ধতি। সংগঠনটির দাবি, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার গণনার আশঙ্কা তৈরি হয়।
জবাবে সিপিডি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়ে অন্যান্য অপরিহার্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পোশাক, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগ খরচ অন্তর্ভুক্ত ছিল। ফলে বাসাভাড়া দুবার গণনার অভিযোগ সঠিক নয়।
সংস্থাটির দাবি, জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতিতেও খাদ্য, আবাসন ও অন্যান্য মৌলিক প্রয়োজনের ব্যয় আলাদাভাবে হিসাব করার নীতি অনুসরণ করা হয়।
৯ শতাংশ ইনক্রিমেন্টে বাড়েনি নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি
বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়েও আপত্তি জানিয়েছিল বিজিএমইএ। এ বিষয়ে সিপিডির ব্যাখ্যা, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ করা হয়েছে। এতে বর্তমানে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়।
সংস্থাটি জানিয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যদিকে ন্যূনতম মজুরি হলো নির্দিষ্ট গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি।
বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী একজন শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের ফলে পুরোনো শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত এ ন্যূনতম মজুরি পরিবর্তিত হয়নি। তবে ইনক্রিমেন্টের কারণে কারখানার সামগ্রিক শ্রমব্যয় বেড়েছে।
মজুরি বৃদ্ধির পক্ষে সিপিডি, বিপক্ষে সহিংসতার
সিপিডির বিশ্লেষণে মূলত সর্বনিম্ন বা এন্ট্রি গ্রেডের মজুরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে অন্য গ্রেডগুলোর মজুরিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে সংস্থাটি। দক্ষতা, কাজের দায়িত্ব, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে যৌক্তিক গ্রেড ভিত্তিক মজুরি কাঠামো থাকা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।
শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রফতানি মূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নিয়েই মজুরির একটি সম্ভাব্য পরিসর তুলে ধরা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সংস্থাটির মতে, মৌলিক চাহিদাভিত্তিক মজুরি নির্ধারণে পরিসরের নিম্নসীমা এবং কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা বিবেচনায় উচ্চসীমা সহায়ক হতে পারে। তবে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য ছাড়া প্রকৃত সক্ষমতা নির্ধারণ করা কঠিন।
চিঠির শেষাংশে সিপিডি বলেছে, শ্রমিক ও কারখানা উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে বড় পরিসরে বৈজ্ঞানিক নমুনা ভিত্তিক জরিপ করা প্রয়োজন। ন্যূনতম মজুরি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মতো মানদণ্ড অনুসরণ করতে হবে।
মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান জানালেও ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিরতার বিরোধিতা করেছে সিপিডি। সংস্থাটির মতে, এসব ঘটনায় শ্রমিক, শিল্প ও দেশ— সব পক্ষই বেশ ক্ষতিগ্রস্ত হয়।
একই সঙ্গে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার কিংবা দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এসব সমস্যার সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
সিপিডি আশা প্রকাশ করেছে, মজুরি বোর্ড শ্রমিকদের ন্যায্য চাহিদা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক আলোচনা অব্যাহত রাখতেও আগ্রহী সংস্থাটি।
এমআর/এফএ




