রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন গ্রাহকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন গ্রাহকরা

পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করলে ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে আর দায়িত্ব পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাংকটির গ্রাহকেরা। ২৪ ঘণ্টার মধ্যে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়ে তারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েও প্রায় পাঁচ মাসে পর্ষদ গঠন করতে ব্যর্থ হয়েছেন প্রশাসক। এ অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজন নেই।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন আলটিমেটাম দেওয়া হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব মোতাছিম বিল্লাহ। এস আলমের হস্তক্ষেপ বন্ধ এবং সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে এই সমাবেশ হয়।

মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করেছিলেন গ্রাহকেরা। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের নেতৃত্বে সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনায় আবার পরিবর্তন আসে।

তিনি বলেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। এরপর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের কারণে তিনি দায়িত্ব নিতে পারেননি। পরবর্তী সময়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

গ্রাহক ফোরামের এই নেতা বলেন, প্রশাসকের দায়িত্ব নেওয়ার সময় জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির প্রায় পাঁচ মাস পার হলেও পর্ষদ গঠনের কোনো অগ্রগতি নেই। এতে ব্যাংকটির পরিচালনা ও ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্যাংকের নির্বাহী নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা শেষ না হলেও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ছাড়াই নতুন করে দুজন নির্বাহীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কী যুক্তি রয়েছে, তা স্পষ্ট নয়।

জহির হোসেনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারেন, নির্বাহীদের ইসলামী ব্যাংকে রাখতে না পারেন, তাহলে নতুন করে দুজন নির্বাহীকে কীভাবে ডিএমডি পদে নিয়োগ দিলেন? আমরা স্বচ্ছতার আড়ালে ধোঁকা দেখতে পাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারলে আপনার মতো জহির সাহেবের ইসলামী ব্যাংকে কোনো প্রয়োজন নেই।’

সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংককে রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন গ্রাহকেরা। একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যাংকটির পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের ফিরিয়ে আনা প্রয়োজন। পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে যোগ্যতা ও পেশাদারত্বকে প্রাধান্য দেওয়ার দাবি জানান তিনি।

আবুল খায়ের বলেন, নির্বাচনের আগে সরকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। ইসলামী ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকটিকে রক্ষায় গ্রাহকদের দাবিগুলো পূরণের আহ্বান জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর