দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার কমে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল ১০ হাজার ৯৫৪ টাকা। এর আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর দুই হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর দুই হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়। ফলে আট দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছয় হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পাঁচ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পাঁচ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পাঁচ হাজার ৫৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা। শনিবার নতুন দাম কার্যকরের আগ পর্যন্ত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়েছে।
স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম এক হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
/এসআই




