শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: ড. ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: ড. ওয়াহিদ
এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ এবং ব্যবসার ব্যয় কমানোর পাশাপাশি সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

তিনি বলেন, দেশে টেকসই শাসনব্যবস্থা গড়ে তোলা না গেলে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন দক্ষ ও চৌকস প্রশাসনিক ব্যবস্থা।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন ওয়াহিদউদ্দিন।

তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর দেশে অস্থিরতা ও নানা ষড়যন্ত্র তত্ত্বের প্রচার চলতে থাকবে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে এসব ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এ পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে। 

ওয়াহিদউদ্দিন বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে দেশ পিছিয়ে পড়ছে। একতরফা বাণিজ্য সুবিধা পাওয়ার যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকেও বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, বিগত সময়ে সেদিকে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে। পোশাক খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানো সম্ভব নয়। 

এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসে সমাধানের পথ খুঁজতে হবে জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, পোশাক শিল্পকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন এ খাতের শ্রমিকরা।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এই সময় আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনো যথেষ্ট প্রস্তুতি নিতে পারেননি। গ্র্যাজুয়েশনের পর বড় পোশাক কারখানাগুলো খুব বেশি সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত সরাসরি জড়িত। এ খাতে চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে। এতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাত আরও ঝুঁকির মুখে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রফতানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ থাকলেও যথাযথ প্রস্তুতি নিতে পারলে এসব চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দেওয়া সম্ভব।

ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, মো. আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর