বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

একদিনে ৯৯ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

একদিনে ৯৯ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ লাখ টাকা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকানো, মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। একদিনে ঢাকা মহানগরসহ দেশের ৩৭টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদফতরের ৫০টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

অধিদফতর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। এ ছাড়া নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় প্রচলিত বিধিবিধান অনুসরণ নিশ্চিত করতে তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্য বিক্রিতে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদফতর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে, যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।

পণ্য কিনতে গিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিত, পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর